বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
একক অ্যালবাম

কাজী শুভর একক অ্যালবাম "কেউ বুঝলো না"।


দীর্ঘ বিরতির পর নতুন একক অ্যালবাম নিয়ে ফিরছেন কণ্ঠশিল্পী কাজী শুভ। ধ্রুব মিউজিক স্টেশনের উদ্যোগে প্রকাশিতব্য "কেউ বুঝলো না" অ্যালবামে থাকছে নয়টি গান। ভিন্ন স্বাদের এসব গানে থাকছে প্রেম, আবেগ ও জীবনের নানা অনুভূতি। একটি গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।

২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ 

কাজী শুভর একক অ্যালবাম "কেউ বুঝলো না"।
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গানের ভুবনকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে বিভিন্ন শিল্পীকে নিয়ে একক গানের ডিজিটাল অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। এই উদ্যোগের প্রথম অধ্যায় হিসেবে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর একক ডিজিটাল অ্যালবাম "কেউ বুঝলো না"

দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে ফিরছেন কাজী শুভ। মোট "নয়টি গান" দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। প্রতিটি গানে ভিন্ন ভিন্ন স্বাদ ও অনুভূতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রেম, বিরহ, আবেগ ও জীবনের নানা অনুভূতির গল্প নিয়ে গানগুলো সাজানো হয়েছে বলে জানা গেছে।

অ্যালবামের গানগুলো লিখেছেন তরুণ মুন্সী, পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সলাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান।

গানগুলোর সুর করেছেন তরুণ মুন্সী, পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। অ্যালবামের সংগীতায়োজনে রয়েছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। নয়টি গানের মধ্যে একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈত কণ্ঠে শোনা যাবে কণ্ঠশিল্পী "বাঁধন সরকার পূজাকে"।

দীর্ঘ সময় পর নিজের একক অ্যালবাম প্রকাশের উদ্যোগে বেশ উচ্ছ্বসিত কাজী শুভ। অ্যালবামটি নিয়ে তিনি বলেন, দীর্ঘ বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী ও ভালো উদ্যোগ। অ্যালবামে যারা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা।

কাজী শুভর ক্যারিয়ারে একক অ্যালবামের সংখ্যা কম নয়। তবে বর্তমান ডিজিটাল সংগীতের সময়ে নতুন প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে একসঙ্গে নয়টি গান নিয়ে নতুন এই আয়োজনকে বিশেষভাবে দেখছেন সংশ্লিষ্টরা। অ্যালবামের প্রতিটি গানে কাজী শুভর কণ্ঠের ভিন্নমাত্রার প্রকাশ ঘটবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

ধ্রুব মিউজিক স্টেশনের এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন শ্রোতারা একসঙ্গে একাধিক নতুন গান উপভোগের সুযোগ পাবেন, অন্যদিকে গীতিকার, সুরকার ও সংগীতায়োজকদের কাজও নতুনভাবে সামনে আসবে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পাবে কাজী শুভর প্রতীক্ষিত একক অ্যালবাম "কেউ বুঝলো না"।